Logo

৪ বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল, ২০২৬, ১৫:০১
৪ বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়
ছবি: সংগৃহীত

দেশের চারটি বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিট থেকে রংপুর বিভাগের ওপর দিয়ে একের পর এক শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট পর্যবেক্ষণ অনুযায়ী, আজ রাত ১০টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে অন্তত চারটি শক্তিশালী ঝড় অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

বর্তমানে রংপুর বিভাগের ওপর তিনটি সক্রিয় ঝড়ের প্রভাব দেখা যাচ্ছে। প্রথম ঝড়টি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। দ্বিতীয় ঝড়টি রংপুর, দিনাজপুর ও নীলফামারী এলাকায় আঘাত হেনেছে। তৃতীয় ঝড়টি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ওপর দিয়ে অগ্রসর হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া দুপুর ২টার পর থেকে আরও একটি নতুন ঝড় রংপুর বিভাগে প্রবেশ করেছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। সব মিলিয়ে পুরো রংপুর বিভাগ আজ ৩ থেকে ৪টি কালবৈশাখী ঝড়ের ঝুঁকিতে রয়েছে।

রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে সতর্কতা

দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে রংপুর অঞ্চল থেকে একটি শক্তিশালী ঝড় রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দিকে অগ্রসর হতে শুরু করে। এই ঝড়টি আজ বিকেল ৫টার মধ্যে রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সময়ে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলাতেও কালবৈশাখীর প্রবল প্রভাব পড়তে পারে।

বিজ্ঞাপন

এদিকে রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী জেলাগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে ঝড়ের তীব্র গতিপথ থাকার সম্ভাবনা রয়েছে। 

এছাড়া, যে চতুর্থ ঝড়টির কথা উল্লেখ করা হয়েছে, সেটি বিকেল ৫টার পর থেকে রাত ১২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে অতিক্রম করতে পারে। ঝড়ের প্রভাবে আজ রাজধানীতে অস্থির আবহাওয়া বিরাজ করলেও, আগামীকালের বৃষ্টি পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটাতে পারে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর বিভাগীয় শহরসহ ঝুঁকিপূর্ণ জেলাগুলোর বাসিন্দাদের ঝড়ের সময় নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে ঝড়ের গতিপথ পরিবর্তনশীল হওয়ায় নিয়মিতভাবে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD