Logo

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মে, ২০২৬, ২০:২১
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় আগামী সোমবারের (১১ মে) মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

শনিবার (৯ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের তাপমাত্রা দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

রবিবার (১০ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে। কোথাও কোথাও দমকা কিংবা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। একই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

অন্যদিকে মঙ্গলবার (১২ মে) রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দিনের তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

বিজ্ঞাপন

বুধবারের (১৩ মে) পূর্বাভাসেও দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের প্রবণতার কথা বলা হয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD