Logo

স্বস্তি নেই ঢাকাবাসীর, আজও থাকবে গরমের দাপট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুন, ২০২৬, ১৩:২৫
স্বস্তি নেই ঢাকাবাসীর, আজও থাকবে গরমের দাপট
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। তীব্র রোদ আর ভ্যাপসা গরমে নগরবাসী চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১ জুন) ঢাকার আবহাওয়ায় স্বস্তির কোনো সম্ভাবনা নেই। বরং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আকাশে মেঘের উপস্থিতি থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রবিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রাও প্রায় একই অবস্থায় থাকতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে। সকাল ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। এই সময়ে বাতাসের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা বেজে ৪২ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা বেজে ১১ মিনিটে।

বিজ্ঞাপন

এদিকে,রবিবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি না পেলেও বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে গরমের তীব্রতা মানুষের কাছে আরও বেশি অনুভূত হবে। ফলে দিনের বেলায় বাইরে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD