ঢাকায় কমতে পারে তাপমাত্রা, ৮ বিভাগে ভারী বর্ষণের আভাস

রাজধানী ঢাকায় চলমান গরমের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৬ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন: তাপপ্রবাহে পুড়ছে দেশের ৩৮ জেলা
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। একই সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং গরমের অনুভূতিও কিছুটা কমে আসতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। এর আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ট্রেস, অর্থাৎ খুবই সামান্য।
এছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।
বিজ্ঞাপন
এদিকে গতকাল রাতে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।







