সন্ধ্যার মধ্যে দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

দেশে ১৪ অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টিসহ ঝড়ো আবহাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ ও ২ নম্বর নৌ-সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
বিজ্ঞাপন
শনিবার (৬ জুন) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া এবং ফরিদপুর অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই তীব্র ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া দেশের রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, টাংগাইল, ঢাকা, ময়মনসিংহ এবং মাদারীপুর অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং সংকেত মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: তাপপ্রবাহে পুড়ছে দেশের ৩৮ জেলা
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সকালের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিপাতের প্রভাবে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে কয়েকদিনের তুলনায় আবহাওয়ায় কিছুটা স্বস্তি ফিরতে পারে।







