Logo

রংপুরে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই, ২০২৬, ১১:৪৯
রংপুরে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত
ছবি: সংগৃহীত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পৃথক দুটি সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

ভারী বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বিভাগের কিছু এলাকায় ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে উল্লিখিত আট অঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD