Logo

৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রধান নদ-নদীর পানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:১৪
৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রধান নদ-নদীর পানি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিনে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গাসহ দেশের প্রধান কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রদেশ ও এর আশপাশের এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং এসব বিভাগের সংলগ্ন উজান এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীর পানি বেড়েছে। অন্যদিকে পদ্মা নদীর পানি কমেছে। আগামী পাঁচ দিন এসব নদ-নদীর পানি বাড়তে পারে। তবে এ সময়ও নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে, গোমতী নদীর পানি কমেছে। আগামী এক দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী দুই দিন পানি কমতে পারে।

অন্যদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এ দুই নদীর পানির স্তর স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD