Logo

সরিষাবাড়ী ইউএনও উপমা ফারিসার অপসারণ দাবীতে মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
২২ জানুয়ারি, ২০২৩, ১৩:৪০
সরিষাবাড়ী ইউএনও উপমা ফারিসার অপসারণ দাবীতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপমা ফারিসার অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন এবং ঝাড়ু মিছিল করা হয়েছে ।

বিজ্ঞাপন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপমা ফারিসার অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন এবং ঝাড়ু মিছিল করা হয়েছে । 

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে পৌরসভার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে ঝাড়ু মিছিল করে ১ সহস্রাধিক নারী-পুরুষ। এ সময় ইউএনওর বিরুদ্ধে কমিশন বাণিজ্য, ঘুষ-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেনামি একাউন্টের মাধ্যমে লাখ লাখ টাকা স্থানান্তরসহ দুর্নীতির আলামত নষ্টের জন্য অগ্নিকাণ্ড ও চুরির ঘটনা সাজানোর অভিযোগ করা হয়। মানববন্দনে বক্তরা বলেন, উপমা ফারিসা ২০২১ সালের ২৯ আগস্ট সরিষাবাড়ীতে যোগদানের পর থেকে টিআর, জিআর, কাবিখা, এডিপি, এলজিএসপিসহ উপজেলা পরিষদের সরকারি বরাদ্দে নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও প্রকাশ্য ঘুস বাণিজ্য করে আসছেন। দুর্নীতির আলামত নষ্ট করতে গত বছরের ১৬ এপ্রিল সকালে ইউএনওর কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটানো হয়। পরে ঘটনাটি তদন্ত কমিটির মাধ্যমে বৈদ্যুতিক শর্ট সার্কিট হিসেবে প্রকাশ করে।

বিজ্ঞাপন

অপরদিকে সহকারী কমিশনার-ভূমির (অ্যাসিল্যান্ড) পদটি গত বছরের ১৬ আগস্ট শূন্য হওয়ার পরও তদবির করে ইউএনও উপমা ফারিসা অতিরিক্ত অ্যাসিল্যান্ডের দায়িত্ব পালন করছেন। এ দায়িত্ব পেয়ে ভূমি অফিসের জমিজমার প্রতিটি খারিজে তিনি প্রকাশ্য উৎকোচ আদায়সহ নানা অনিয়ম করে আসছেন। অনিয়মের তথ্য গোপন করতে গত ১৮ ডিসেম্বর রাতে উপজেলা ভূমি অফিস ও পাশের কামরাবাদ ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় থানায় দায়সারা সাধারণ ডায়েরি করা হলেও কোনো ক্লু উদ্ঘাটন হয়নি।

বিজ্ঞাপন

এসময় সরিষাবাড়ী নাগরিক কমিটির আহ্বায়ক আইনজীবী শহিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আব্দুল জলিল মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসার মোবাইলে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি।

বিজ্ঞাপন

এদিকে মুঠোফোনে জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, বিষয়টি শুনলাম। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD