যশোরে জয়তী সোসাইটির ঈদ উপহার: ৪০০ দুস্থ মায়ের মুখে ফুটল হাসি

যশোরের প্রখ্যাত স্বেচ্ছাসেবী সংস্থা জয়তী সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৪০০ জন দুস্থ ও অসহায় মায়ের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ সোমবার (১৬ মার্চ) সকালে জয়তী সোসাইটির নিজস্ব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
জয়তী সোসাইটির '৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি' বাস্তবায়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সালেহা বেগমের সভাপতিত্বে এই মানবিক কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে জয়তী সোসাইটির সভাপতি ও কর্মসূচির সদস্য কাজী লুৎফুন্নেসা এবং নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস শুভেচ্ছা বক্তব্য প্রদানের মাধ্যমে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
আসন্ন ঈদকে আনন্দময় করতে প্রতিটি দুস্থ পরিবারকে বিশেষ প্যাকেজ প্রদান করা হয়েছে। মাথাপিছু উপহারের তালিকায় ছিল: ১টি নতুন শাড়ি, পেটিকোট ও ব্লাউজ। ১০ কেজি চাল, ১ কেজি পোলাও চাল ও ১ কেজি মাংস। এছাড়া ছিলো সেমাই ও চিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, সাইফুজ্জামান মজু, আবু শাহরিয়াদ মিতুল, তহুরা রহমান, জাহিদুল ইসলাম, সালেহা খাতুন এবং নাসরিন শিরিন। এছাড়াও কর্মসূচির সহ-সভাপতি অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, সহ-সম্পাদক পরিতোষ কুমার বিশ্বাস এবং সদস্য রাফ্ফাত আরা ডলি উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন রুপা ও বর্ণালী সরকার। বক্তারা তাদের বক্তব্যে জয়তী সোসাইটির এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।








