মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে মৌলভীবাজারে জমেনি ঈদের কেনাকাটা

প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজার। প্রতি বছর ঈদকে সামনে রেখে জেলার শপিং মল, মার্কেট ও বিপণিবিতানগুলোতে জমে ওঠে কেনাকাটার উৎসব। কিন্তু চলতি বছর সেই চিরচেনা ব্যস্ততা এখনো তেমন দেখা যাচ্ছে না।
বিজ্ঞাপন
ঈদের আর অল্প সময় বাকি থাকলেও ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম। ব্যবসায়ীরা বলছেন, আগের বছরগুলোর মতো এবার বাজারে প্রত্যাশিত বিক্রি হচ্ছে না।
জেলার অর্থনীতির বড় একটি অংশ নির্ভর করে প্রবাসী আয়ের ওপর। প্রতি ঈদে প্রবাসীদের দেশে ফেরা ও রেমিট্যান্সের টাকায় জমে ওঠে ঈদবাজার। তবে এবার আন্তর্জাতিক পরিস্থিতি ও ইরানকে ঘিরে বৈশ্বিক উত্তেজনার প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। ফলে আগের বছরের তুলনায় প্রবাসীরা কম দেশে এসেছেন এবং কেনাকাটাও কম হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা।
বিজ্ঞাপন
শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক, জুতা, প্রসাধনী ও অন্যান্য পণ্য সাজিয়ে রাখা হয়েছে। তবে ক্রেতাদের উপস্থিতি থাকলেও বিক্রি আগের বছরের তুলনায় অনেক কম বলে জানান ব্যবসায়ীরা।
ক্রেতা সুমি বেগম বলেন, “ঈদ তো বছরে একবারই আসে। তাই পরিবারের জন্য কিছু কেনাকাটা করতে এসেছি। তবে আগের মতো বেশি কেনাকাটা করতে পারছি না, সবকিছুর দাম অনেক বেশি।”
আরেক ক্রেতা রহিম মিয়া বলেন, “মার্কেটে দাম বেশি হওয়ায় ফুটপাতের দোকান থেকেই কেনাকাটা করছি। পরিবারের জন্য কিছু কিনতে এসেছি, কিন্তু আগের মতো বেশি কেনাকাটা করা যাচ্ছে না।”
বিজ্ঞাপন
বাজারের এক কাপড় ব্যবসায়ী সুমন মিয়া বলেন, “আগের বছরগুলোতে ঈদের দুই সপ্তাহ আগে থেকেই বাজারে মানুষের ভিড় লেগে থাকত। এবার ক্রেতা অনেক কম, বিক্রিও আশানুরূপ হচ্ছে না।”
আরেক ব্যবসায়ী মহিম দে জানান, জেলার প্রবাসীনির্ভর অর্থনীতির কারণে প্রতি ঈদে কেনাকাটায় বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। কিন্তু চলমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং ইরানকে ঘিরে বৈশ্বিক উত্তেজনার প্রভাব পড়েছে রেমিট্যান্স প্রবাহে। ফলে প্রবাসীরা দেশে কম এসেছেন এবং বড় কেনাকাটাও কমে গেছে।
বিজ্ঞাপন
এদিকে ঈদকে সামনে রেখে শহরের মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মৌলভীবাজারের পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন জানান, ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মার্কেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে টহল ও চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে।








