Logo

সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট, ঈদেও দায়িত্বে থাকছেন বনরক্ষীরা

profile picture
উপজেলা প্রতিনিধি
শরণখোলা, বাগেরহাট
১৬ মার্চ, ২০২৬, ১৫:০৯
সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট, ঈদেও দায়িত্বে থাকছেন বনরক্ষীরা
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরের ছুটির মধ্যে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বন বিভাগ। বন ও বন্যপ্রাণী সুরক্ষার স্বার্থে পূর্ব সুন্দরবনের বনরক্ষী ও কর্মকর্তা ঈদের দিনও কর্মস্থল ত্যাগ করবেন না।

বিজ্ঞাপন

বন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বন রক্ষা করা আমাদের জীবনের অঙ্গীকার। আমরা চাই সুন্দরবনের বন ও বন্যপ্রাণী সবসময় নিরাপদ ও সুস্থ থাকুক। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বন সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন ও বন্যপ্রাণী রক্ষায় আমরা সবসময় সতর্ক এবং দায়িত্বশীলভাবে কাজ করছি।

বন বিভাগের তথ্য অনুযায়ী, ঈদের সময় অসাধু চক্র সুন্দরবনে প্রবেশ করে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার করার চেষ্টা করে। এছাড়া কিছু জেলে বিষ প্রয়োগ করে মাছ ধরার মতো ক্ষতিকর কর্মকাণ্ড চালায়। এই অনিয়ম রোধে বনরক্ষীরা সতর্ক অবস্থানে থাকবেন।

বিজ্ঞাপন

মার্চ থেকে মে মাসের মধ্যে সুন্দরবনের বিভিন্ন এলাকায় আগুন লাগার ঝুঁকি থাকে। গত বছরের ২২ মার্চ চাঁদপাই রেঞ্জের তেঁতুলতলা ও কলমতেজী এলাকায় আগুন লেগে বনাঞ্চলের অনেক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ ধরনের ঝুঁকি এড়াতে এবারও ঈদের ছুটিতে বনরক্ষী ও কর্মকর্তাদের দায়িত্ব চলমান থাকবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, বন ও বন্যপ্রাণী রক্ষা এবং আগুন প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। তাই এবারের ঈদেও কেউ কর্মস্থল ত্যাগ করবেন না।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD