যশোরে ডিবির বড় সাফল্য: ২০ মামলার দুর্ধর্ষ চরমপন্থী নেতা গোফরান ও সহযোগী গ্রেপ্তার

যশোর, খুলনা ও নড়াইলসহ দক্ষিণাঞ্চলের আতঙ্কের নাম, কথিত ‘বিপ্লবী কমিউনিস্ট পার্টি’র দুর্ধর্ষ চরমপন্থী নেতা নাসির শেখ ওরফে গোফরান ও তার প্রধান সহযোগী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বিজ্ঞাপন
আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এই তথ্য নিশ্চিত করেন।
আটক নাসির শেখ গোফরান অভয়নগরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলে চাঁদাবাজি ও দখলবাজির রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় অন্তত ২০টিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে ১১টি মামলায় তার বিরুদ্ধে সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারকৃত অপর সহযোগী সোহেল রানার বিরুদ্ধেও অন্তত ৭টি মামলার রেকর্ড পাওয়া গেছে।
পুলিশ জানায়, গত ১ মার্চ গভীর রাতে অভয়নগরের গোপিনাথপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলা চালায় গোফরান ও তার বাহিনী। সেখানে তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নগদ ২০ হাজার টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।
বিজ্ঞাপন
এই ঘটনার পর থেকেই জেলা পুলিশ ও ডিবি চক্রটিকে ধরতে তৎপর হয়ে ওঠে। ডিবির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে গত শনিবার খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অভিযানকালে গোফরানের কাছ থেকে একটি ল্যাপটপ ও ইয়ামাহা মোটরসাইকেল এবং সোহেল রানার কাছ থেকে একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, "গোফরান বাহিনীর অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। এই গ্রেপ্তারের ফলে ওই অঞ্চলের জনমনে স্বস্তি ফিরে আসবে।" তিনি আরও জানান, চরমপন্থী বা অপরাধী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।








