গাজীপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মহাসড়ক ও রেলপথে অবরোধ কর্মসূচি শুরু হয়।
বিজ্ঞাপন
এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যাহত হয়। ঢাকা-রাজশাহী এবং ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার বিকেলে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিমুলতলী এলাকায় প্রথমে বিক্ষোভ সমাবেশ করেন প্রকৌশলীরা। পরে তারা মিছিল নিয়ে ভুরুলিয়া এলাকায় গিয়ে রেলপথ অবরোধ করেন। এ কারণে বিকেল সাড়ে ৪টা থেকে দুই ঘণ্টারও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিরুজ্জামান জানান, এ সময় চিত্রা এক্সপ্রেস মৌচাক স্টেশনে আটকা পড়ে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দেশের প্রায় ৪০ লাখ ডিপ্লোমা প্রকৌশলী এবং ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা বলেন, বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক, যা জাতীয় কর্মক্ষেত্রে অস্থিতিশীলতা বাড়াবে।
বিজ্ঞাপন
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয় সমাবেশে। এর মধ্যে ছিল- ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপসহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিত করা, ১৯৯৪ সালের প্রজ্ঞাপন লঙ্ঘন করে নিম্ন পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা, এবং শিক্ষাক্রমের মান বজায় রাখতে ১:১২ অনুপাতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা।
এছাড়া কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। তারা স্পষ্ট করে বলেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর হবে।








