গহীন পাহাড়ের জিন্মিশালা থেকে ৫ জনকে উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফের হাবিরছড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এসময় ১ জন মানব পাচারকারীকে আটক করা হয়।
বিজ্ঞাপন
রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর।
আরও পড়ুন: বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরি
আটক পাচারকারী টেকনাফ সদর হাবিবছড়া এলাকার আব্দুস সালামের ছেলে মোহাম্মদ হাসান (৫৫)।
বিজ্ঞাপন
লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে নারী ও শিশুসহ একদল মানুষকে টেকনাফের হাবিরছড়া এলাকার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। শনিবার দিনগত রাত ২টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি বিশেষ দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৪ জন নারী ও ১ জন শিশুসহ মোট ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং একজন মানব পাচারকারীকে আটক করা হয়।
তিনি বলেন, উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাচারের ফাঁদে ফেলে। পাচারের আগে তাদের পাহাড়ি এলাকায় বন্দি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হতো।
বিজ্ঞাপন
উদ্ধার ব্যক্তিদের ও আটক মানব পাচারকারীর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
টেকনাফ কেন্দ্রিক মানবপাচার ঠেকাতে একের পর এক ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে বিজিবি, কোস্টগার্ড, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে গত ১ মাসে ৩৯৪ জন ভূক্তভোগীকে উদ্ধার এবং ৪৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।








