বাগেরহাটে দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ তার পরিবারের ৯ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর উপজেলা পরিষদ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জানাজায় স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং হাজারো মানুষ এতে অংশ নেন।
জানাজা শেষে বিকেল সোয়া ৩টার দিকে পৌর কবরস্থানে দাফন কার্যক্রম শুরু হয়। প্রথমে দাফন করা হয় পরিবারের প্রধান আ. রাজ্জাককে। এরপর পর্যায়ক্রমে অন্যদের দাফন সম্পন্ন করা হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে, সকালে খুলনার কয়রায় কনের বাড়িতে চারজনের দাফন সম্পন্ন হয়। একই সময় বাগেরহাটের রামপালে মাইক্রোবাস চালকের দাফনও করা হয়।
এই মর্মান্তিক ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম শোক ও সমবেদনা জানিয়েছেন।








