Logo

নেত্রকোণার বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১৩ মার্চ, ২০২৬, ১৬:২৫
নেত্রকোণার বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
ছবি: মৃত সুদিন সরকার।

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে সুদিন সরকার (৪৩) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চাকুয়া গ্রামের বাসিন্দা ও মৃত রাজেন্দ্র সরকারের ছেলে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) বেলা পৌনে ২টার দিকে চাকুয়া গ্রামের নলসিটি হাওরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে সুদিন সরকার গরু নিয়ে নলসিটি হাওরে ঘাস খাওয়াতে যান। হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে গরু নিয়ে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

বিজ্ঞাপন

পরে আশপাশে থাকা কৃষকেরা দ্রুত তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, বজ্রপাতে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত সুদিন সরকার স্ত্রী মনুষা সরকার ও দুই মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।

বিজ্ঞাপন

স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার স্ত্রী মনুষা সরকার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সকালে বলছিল হাওরে গিয়ে গরুগুলারে একটু ঘাস খাওয়ায়া আসবে। কে জানত এটাই ওর শেষ যাওয়া হবে। এখন আমার দুই মেয়েকে নিয়ে কীভাবে বাঁচব, কিছুই বুঝতেছি না।

স্থানীয়রা জানান, সুদিন সরকার ছিলেন পরিশ্রমী ও সাদাসিধে একজন মানুষ। তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD