ফুলবাড়ীয়ার আখালিয়া নদী পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী আখালিয়া নদীর সীমানা নির্ধারণ ও বর্তমান অবস্থা পর্যালোচনার লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ময়মনসিংহের একটি টিম।
বিজ্ঞাপন
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ এর নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শেখ তাকী তাজওয়ার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুনুর রশীদসহ পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কর্মকর্তারা।
পরিদর্শনকালে টিমটি নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখে নদীর প্রাকৃতিক প্রবাহ, সীমানা চিহ্ন, সম্ভাব্য দখলকৃত এলাকা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রাথমিক পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আখালিয়া নদীর সীমানা নির্ধারণ সম্পন্ন হলে দখলদার চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
বিজ্ঞাপন
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন,আখালিয়া নদী ফুলবাড়ীয়ার একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাধার। নদীর সীমানা নির্ধারণ ও সংরক্ষণ নিশ্চিত করতে আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবো। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।
এ বিষয়ে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, নদী রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা থাকলে আখালিয়া নদীকে দখলমুক্ত ও দূষণমুক্ত করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
এদিকে, পরিদর্শনকে ঘিরে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। সমাজসেবক আর কে খান রাসেল তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় বলেন, ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। ফুলবাড়ীয়াবাসী সজাগ ও সচেতন থাকুন। অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসনকে সহযোগিতা করুন, উন্নয়ন নিশ্চিত করুন।
স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে দখল ও অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত আখালিয়া নদী নতুন করে প্রাণ ফিরে পাবে এবং জলাবদ্ধতা নিরসনসহ পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








