Logo

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত প্রায় ৯০

profile picture
জেলা প্রতিনিধি
শেরপুর
২৮ জানুয়ারি, ২০২৬, ১৬:৫৭
শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত প্রায় ৯০
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ আসনে নির্বাচনি ইশতেহার পাঠের অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮০ থেকে ৯০ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী টহল দিচ্ছে।

বিজ্ঞাপন

সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে, যেখানে নির্বাচন কমিশনের আয়োজনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ‘নির্বাচনি ইশতেহার পাঠ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে বিএনপি ও জামায়াত সমর্থকরা একে অপরের দিকে চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে পুরো স্টেডিয়াম এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং অনুষ্ঠানের আয়োজন পণ্ড হয়ে যায়। এসময় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

বর্তমানে ঝিনাইগাতী এলাকায় পরিস্থিতি থমথমে হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা নিয়ন্ত্রণে রয়েছে। কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD