Logo

কাপাসিয়ায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
কাপাসিয়া, গাজীপুর
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৩৭
কাপাসিয়ায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক কৃষক নেতাকে পারিবারিক বিবাদের জের ধরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া বাজার এলাকায় হামলার শিকার হন হেলাল উদ্দিন (৫৫)।

বিজ্ঞাপন

নিহত হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে তার পেছনে আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হেলাল উদ্দিনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু বলেন, হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কোটবাজালিয়া গ্রামের এক বাসিন্দা জানান, নিহতের ভাতিজার সঙ্গে পূর্ব বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

বিজ্ঞাপন

কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ভাতিজার সঙ্গে মোবাইল চুরি সংক্রান্ত বিষয়ে গতকাল তার তর্ক-বিতর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে মামলা করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD