ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা) আসনের একটি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেই এই ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোটগ্রহণ শুরু হতেই কেন্দ্রের আশপাশে এক ব্যক্তি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। বিষয়টি সেনাবাহিনীর টহল দলের নজরে আসে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেন এবং কেন্দ্র সংলগ্ন একটি পুকুরে নামিয়ে শাস্তি প্রদান করেন।
পদ্ধতিটি কেন্দ্রে ভোটারদের মনোবল ধরে রাখার উদ্দেশ্যে নেয়া হয়। সেনাবাহিনী নিশ্চিত করেছে, ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন এবং কেউ ভোট প্রভাবিত করতে পারছে না।
বিজ্ঞাপন
পটিয়া সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সাকিব জাকি চৌধুরী বলেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।
এই ঘটনার পর কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক হয়ে আসে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর উপস্থিতিতে ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে আসে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য তারা চোখ রাখবেন।








