Logo

রাণীশংকৈলে পুরুষের তুলনায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

profile picture
উপজেলা প্রতিনিধি
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২১
রাণীশংকৈলে পুরুষের তুলনায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি
ছবি: সংগৃহীত

সারাদেশের মতো ঠাকুরগাঁও জেলাতেও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ–রাণীশংকৈল) আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

এই আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, নারী ভোটারদের দীর্ঘ সারি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রগুলো ছিল মুখর। ফলে অনেক পুরুষ ভোটারকে কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছে। কয়েকজন পুরুষ ভোটার জানান, নারী ভোটারদের অংশগ্রহণ বেশি হওয়ায় ভোট দিতে কিছুটা দেরি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এবার এ আসনে নারী ভোটারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের ভোটই নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে রাণীশংকৈল উপজেলার ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬১ হাজার ৪৪ জন। এর মধ্যে পীরগঞ্জ উপজেলায় (১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা) ভোটার রয়েছেন ২ লাখ ১২ হাজার ৫৮৪ জন এবং রাণীশংকৈল উপজেলায় (৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা) ভোটার সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪৫০ জন। মোট ভোটকেন্দ্রের মধ্যে পীরগঞ্জে ৭৬টি এবং রাণীশংকৈলে ৫২টি কেন্দ্র রয়েছে।

এই আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জমে উঠেছে নির্বাচনী লড়াই।

বিজ্ঞাপন

ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD