৪ ভোটকেন্দ্রে হামলা-সংঘর্ষে আহত ১৭, আটক ১

মেহেরপুরে দুটি আসনের চারটি ভোট কেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় জামায়াতের ১৬ ও বিএনপির ১ কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে তাদের বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং জামায়াতের ১০ সমর্থক আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান কেন্দ্রে জামায়াতের ভোটারদের কেন্দ্রের ভেতরে প্রবেশে বাধা সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষের ফলে জামায়াতের ৪ সমর্থক আহত হন, তাদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিজ্ঞাপন
সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে আরেক সংঘর্ষে বিএনপির একজন কর্মী আহত হন।
অন্যদিকে, মেহেরপুর-১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতের দুই সমর্থক আহত হন। এ ঘটনায় একজন বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানিয়েছেন, সংঘর্ষ ও হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তিনি বলেন, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।








