Logo

সাইদুল ইসলাম আলোর মৃত্যুবার্ষিকীতে নেই বিএনপি-কৃষক দলের কর্মসূচি

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২৬ জুলাই, ২০২৬, ১২:৩৯
সাইদুল ইসলাম আলোর মৃত্যুবার্ষিকীতে নেই বিএনপি-কৃষক দলের কর্মসূচি
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ও বিএনপির রাজপথের ত্যাগী নেতা মরহুম সাইদুল ইসলাম খান আলোর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তবে দিবসটি উপলক্ষে জেলা বিএনপি, জেলা কৃষক দল কিংবা দলের কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কর্মসূচি গ্রহণ করা হয়নি। ফলে গত বছরের মতো এবারও অনেকটা নীরবেই পার হচ্ছে তাঁর মৃত্যুবার্ষিকী।

বিজ্ঞাপন

দলীয়ভাবে কোনো কর্মসূচি না থাকলেও মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পারিবারিকভাবে কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিজ নিজ অবস্থান থেকে দোয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৬ জুলাই দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন সাইদুল ইসলাম খান আলো। তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (২৬ জুলাই) বাদ জোহর পাওয়ার হাউস মাদ্রাসায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তাঁর পরিবার। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

মরহুমের ভাতিজা ইয়ামিন জানান, পরিবারের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাইদুল ইসলাম খান আলোর রাজনৈতিক ভূমিকা তুলে ধরে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এম এম আনোয়ার হোসেন রাজেশ বলেন, জাতীয়তাবাদী কৃষক দলের আন্দোলন-সংগ্রাম এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় রাজনীতিতে সাইদুল ইসলাম খান আলো ছিলেন একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলের কঠিন সময়ে নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তিনি আরও বলেন, ‘সাইদুল ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন।’

বিজ্ঞাপন

এদিকে, তৃতীয় মৃত্যুবার্ষিকীতে জেলা কৃষক দল কিংবা বিএনপির মূল সংগঠনের পক্ষ থেকে মিলাদ মাহফিল, দোয়া বা স্মরণসভাসহ কোনো কর্মসূচি না থাকায় তৃণমূলের অনেক নেতা-কর্মীর মধ্যে আক্ষেপ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কৃষক দলের কয়েকজন নেতা বলেন, সাইদুল ইসলাম খান আলো জীবদ্দশায় দলের জন্য দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর মতো একজন ত্যাগী নেতার মৃত্যুবার্ষিকী দলীয়ভাবে স্মরণ না করায় তাঁরা হতাশ। অন্তত একটি দোয়া মাহফিলের আয়োজন করা হলে তাঁর প্রতি সম্মান জানানো হতো এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা যেত।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব টিএম শাহাদহ হোসেন ঠান্ডুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সাইদুল ভাইয়ের পরিবারের পক্ষ থেকে আমাদের কেউ কিছু জানায়নি। জানালে আমরা কর্মসূচির আয়োজন করতাম।’

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD