Logo

থানচিতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
থানচি, বান্দরবান
২৬ জুলাই, ২০২৬, ১৩:০০
থানচিতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তিন্দু ক্যাম্পসংলগ্ন সাঙ্গু নদীর তীরে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ৩৮ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ থানায় নেওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তিন্দু বড় পাথর এলাকায় পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা সাঙ্গু নদীতে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিখোঁজের পর থেকেই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। পরে ২৫ জুলাই দুপুরে চট্টগ্রাম থেকে তিন সদস্যের ফায়ার সার্ভিসের ডুবুরি দল থানচিতে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। থানচি ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ মোট আটজন ডুবুরি সাঙ্গু নদীতে অভিযান পরিচালনা করেন। তবে ওই দিন নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে নৌকাডুবির দুই দিন পর রবিবার সকালে তিন্দু ক্যাম্পসংলগ্ন নদীর তীর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD