ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় থানচি-তিন্দুমুখ নৌপথ বন্ধ ঘোষণা

প্রতিকূল আবহাওয়া ও দুর্ঘটনার আশঙ্কায় বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ৩০ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ জুলাই) বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক আবহাওয়া পরিস্থিতি এবং সাঙ্গু নদীতে পানির প্রবল স্রোতের কারণে নৌপথে চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নৌপথে পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং সব ধরনের নৌযান চলাচল থেকে বিরত থাকতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জেলা প্রশাসন পর্যটক, স্থানীয় জনগণ, নৌযান চালক এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং ঝুঁকি কমে আসার পর নৌপথ পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।








