Logo

পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২৫ জুলাই, ২০২৬, ১৬:৫৩
পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে—তিনি বিএনপির দলীয় নেতা হবেন, নাকি দলের বাইরের কোনো গ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে—সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর ৩৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে এখনো দলের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি।

তিনি বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক করবে। সেই বৈঠকে সংবিধান ও প্রযোজ্য আইন অনুযায়ী বিষয়টি আলোচনা করা হবে। বৈঠক শেষে দল যে সিদ্ধান্ত নেবে, সেটিই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নে তার নিজের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় থাকার বিষয়টি তুলে ধরা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, দলীয় ফোরামের সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত হবে। ব্যক্তিগতভাবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।

এর আগে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল গবেষণা খাতে আরও বেশি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক বিতর্কের বাইরে এসে বাস্তবমুখী কাজ ও গবেষণাকে অগ্রাধিকার দিতে হবে।

তার মতে, জাতীয় বাজেটের উল্লেখযোগ্য অংশ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় হলেও গবেষণা ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয় না। দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।

বিজ্ঞাপন

গ্রামীণ অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন।

তিনি আরও বলেন, সংরক্ষণ ব্যবস্থা ও কার্যকর বাজারজাতকরণের অভাবে কৃষকরা অনেক সময় উৎপাদনের প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হন। এ সমস্যা সমাধানে গবেষক, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিগত সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল অভিযোগ করেন, গত ১৭ বছরে বহু প্রকল্পে বাস্তব অগ্রগতির তুলনায় কাগজে-কলমে বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের তথ্য দেখানো হয়েছে। তিনি দাবি করেন, এসব খাতে ব্যাপক অনিয়ম ও অর্থ অপচয়ের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

তরুণদের উদ্দেশে তিনি বলেন, শুধু সরকারি চাকরি বা ঠিকাদারির ওপর নির্ভর না করে কৃষিভিত্তিক শিল্প, উদ্ভাবন এবং উদ্যোক্তা হওয়ার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। এতে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বগুড়ার স্থানীয় সংসদ সদস্য, পল্লী উন্নয়ন একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD