Logo

চা শ্রমিককে মারধরের প্রতিবাদে শ্রীমঙ্গলে কর্মবিরতি

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৫ জুলাই, ২০২৬, ১৬:০০
চা শ্রমিককে মারধরের প্রতিবাদে শ্রীমঙ্গলে কর্মবিরতি
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শনিবার (২৫ জুলাই) এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

সকালে জাগছড়া চা বাগানের চা কারখানার সামনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বাগানের দুই শতাধিক শ্রমিক অংশ নেন। এ সময় শ্রমিকরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি জাগছড়া চা বাগানের শ্রমিক বিরবল প্রজাপতির ওপর হামলার ঘটনায় পুরো বাগানে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। এ ধরনের ঘটনা শ্রমিকদের নিরাপত্তাকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে। ভবিষ্যতে যাতে কোনো শ্রমিক হামলা বা হয়রানির শিকার না হন, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, স্থানীয় ইউপি সদস্য মিঠুন সিং রাওতিয়া এবং জাগছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জয়রাম পাশীসহ শ্রমিক নেতারা।

এদিকে হামলার শিকার শ্রমিকের পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩০ জুন রাতে জাগছড়া চা বাগানে বিরবল প্রজাপতিকে এলোপাতাড়ি মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের সদস্যরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং গুরুত্বের সঙ্গে তা খতিয়ে দেখা হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD