পূবাইলে হামলা ও ৩০ লাখ টাকা লুটের অভিযোগ, দুই সপ্তাহেও গ্রেপ্তার নেই

গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ এলাকায় পূর্বশত্রুতার জেরে আব্দুর রহিম নামে এক ব্যক্তির ওপর হামলা ও তার সঙ্গে থাকা ৩০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার প্রধান আসামিসহ কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগীর পরিবার।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই সন্ধ্যায় হায়দরাবাদ এলাকায় পূর্ববিরোধের জেরে আব্দুর রহিমের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ নেতা শুক্কুর আলীর ছেলে অলি উল্লাহর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
তাদের অভিযোগ, হামলার সময় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আব্দুর রহিমকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার মাথা ফেটে যায় এবং হাতের আঙুলে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে তার কাছে থাকা নগদ ৩০ লাখ টাকা হামলাকারীরা নিয়ে যায় বলেও দাবি করেছেন তার স্বজনরা।
বিজ্ঞাপন
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুর রহিমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়িতে ফেরেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘটনার পর গত ১১ জুলাই আব্দুর রহিমের পক্ষ থেকে পূবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়। তবে মামলা দায়েরের পরও অভিযুক্তদের কেউ গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রকাশ্যে হামলা ও লুটপাটের মতো গুরুতর ঘটনার পরও অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। মামলা প্রত্যাহারের জন্য তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছে পরিবারটি। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
তবে পুলিশ বলছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘটনার পর থানায় মামলা নেওয়া হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।








