Logo

সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২৬, ১৭:৩৫
সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর দৈনিক ‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক) গ্রেফতার হয়েছেন। সাইবার সুরক্ষা আইনে করা একটি মামলায় তাকে শাহবাগ থানা পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সাংবাদিক এইচ আর শফিকের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা ও তার সহকর্মীরা। তাদের মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মহাসচিব মোহাম্মদ মাসুদ এবং ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেক মোহাম্মদ পাভেলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

পরিবার ও সহকর্মীদের অভিযোগ, ফায়ার সার্ভিস-সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই পুলিশ হাফিজুর রহমানকে খুঁজছিল। পরে মঙ্গলবার রাতে শাহবাগ থানার একটি দল তাকে আটক করে।

এদিকে আটকের সময় সাংবাদিককে প্রকাশ্যে অপমান ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগও উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মামলার বাদী হিসেবে পরিচিত ফায়ার সার্ভিসের এক কর্মচারী এবং একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক তাকে বিভিন্নভাবে কটূক্তি করেন। পরে পুলিশ তাকে একটি প্রিজন ভ্যানে করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনায় সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে দ্রুত গ্রেফতার বা হয়রানি করা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য উদ্বেগজনক ঘটনা। এ ধরনের পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীন ও নিরাপদ পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপব্যবহার কিংবা ভয়ভীতি প্রদর্শনের কোনো ঘটনা গ্রহণযোগ্য নয়। এ ধরনের পরিস্থিতি দেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্য নেতিবাচক বার্তা দেয় এবং সাংবাদিকদের দায়িত্ব পালনে অনিশ্চয়তা তৈরি করে।

বিজ্ঞাপন

সাংবাদিক নেতারা অবিলম্বে হাফিজুর রহমান (এইচ আর শফিক)-এর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং আটকের সময় তাকে হেনস্তার অভিযোগের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD