Logo

তীব্র দাবদাহে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের বহু আয়োজন বাতিল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ১৪:৫৬
তীব্র দাবদাহে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের বহু আয়োজন বাতিল
ছবি: সংগৃহীত

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা অনুষ্ঠান ব্যাহত হয়েছে। অতিরিক্ত গরমের কারণে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বেশ কয়েকটি বড় আয়োজন বাতিল বা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়েছে, অতিথি, স্বেচ্ছাসেবক, শিল্পী, বিক্রেতা ও কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওয়াশিংটন ডিসির ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে আবহাওয়ার কিছুটা উন্নতি হলে কয়েক ঘণ্টা পর এটি পুনরায় চালু করা হয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) দেশটির পূর্ব উপকূল ও মধ্য-পশ্চিমাঞ্চলে প্রায় ১৬ কোটি ৫০ লাখ মানুষ রেকর্ডমাত্রার তাপপ্রবাহের মধ্যে ছিলেন। এ পরিস্থিতির কারণে স্বাধীনতা দিবসের ছুটির বিভিন্ন কর্মসূচিতে বড় ধরনের প্রভাব পড়েছে।

বিজ্ঞাপন

এদিকে, দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ উদযাপনের আয়োজন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে।

প্রতি বছর ৪ জুলাই যুক্তরাষ্ট্রে বারবিকিউ, শোভাযাত্রা ও আতশবাজির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হলেও এবার দাবদাহের কারণে নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও কলোরাডোসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বহু অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া বড় আয়োজনগুলোর মধ্যে রয়েছে ফিলাডেলফিয়ার ‘স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড’। আয়োজক সংস্থার প্রধান নির্বাহী মাইকেল ডেলবেনে বলেন, ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় এত বড় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

ওয়াশিংটনের ‘ফ্রিডম ২৫০’ মেলায় তাপজনিত অসুস্থতায় বেশ কয়েকজনকে চিকিৎসা দিতে হয়েছে বলে জানিয়েছে ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ। তাদের মধ্যে অন্তত ১১ জনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রেকর্ড তাপমাত্রার কারণে বাইরে অবস্থানকারীদের জন্য স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। এ কারণে বাসিন্দা ও দর্শনার্থীদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং পর্যাপ্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দর্শনার্থীদের একজন রবিন আরদিতো জানান, মেলায় এক নারী তাপজনিত অসুস্থ হয়ে পড়লে কর্মীরা তার দুই হাত বরফভর্তি পানিতে রেখে প্রাথমিক চিকিৎসা দেন। তার মতে, এমন আবহাওয়ায় এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা উচিত ছিল না।

গরমের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ‘অ্যা ক্যাপিটল ফোর্থ’ কনসার্টেও। নিরাপত্তার স্বার্থে দর্শকদের প্রবেশের সময় বিকেল ৩টা থেকে পিছিয়ে সন্ধ্যা ৭টা করা হয়েছে।

তীব্র গরমের পূর্বাভাস থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, শনিবারের অনুষ্ঠানে তিনি খোলা আকাশের নিচেই বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদরা বলছেন, পুরো ছুটিজুড়েই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ফিলাডেলফিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট (৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং ওয়াশিংটন ডিসিতে ১০৩ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি হবে।

নিউইয়র্ক সিটিতে বৃহস্পতিবার তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস) স্পর্শ করেছে, যা ২০১২ সালের পর শহরটির সর্বোচ্চ। শহরের মেয়র জোহরান মামদানি পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছেন।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার মধ্যাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমলেও পূর্বাঞ্চলে তীব্র গরম অব্যাহত থাকবে। পাশাপাশি উত্তরাঞ্চলের সমভূমি, মিডওয়েস্ট ও গ্রেট লেকস এলাকায় শক্তিশালী বজ্রঝড়, শিলাবৃষ্টি, দমকা হাওয়া, আকস্মিক বন্যা এবং টর্নেডোর আশঙ্কাও রয়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপপ্রবাহের মাত্রা, স্থায়িত্ব ও ঘনত্ব আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD