Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ পর্যন্ত ইরানই বিজয়ী হবে: রাশিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ১৪:৩৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ পর্যন্ত ইরানই বিজয়ী হবে: রাশিয়া
ছবি: সংগৃহীত

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে শেষ পর্যন্ত ইরানই বিজয়ী হবে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুলাই) জানাজা শেষে নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় মেদভেদেভ বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার সরকারের পক্ষ থেকে খামেনি, ইরানের সামরিক কর্মকর্তা, সরকারি প্রতিনিধি, বিজ্ঞানী এবং সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে।

তিনি বলেন, খামেনির মৃত্যু ইরানি জাতিকে আরও ঐক্যবদ্ধ করেছে। রাশিয়া এই শোকের সময়ে ইরানের জনগণের পাশে রয়েছে। তার মতে, ইরান কখনোই যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপের কাছে মাথা নত করবে না।

বিজ্ঞাপন

মেদভেদেভ আরও জানান, ইরানের সঙ্গে বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর বিষয়ে রাশিয়া কাজ করবে।

ইরানের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া ৪০ দিনের সংঘাত শেষ হয়েছে যুদ্ধবিরতি ও সমঝোতার মাধ্যমে। এ সফরে মেদভেদেভ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকে পেজেশকিয়ান সাম্প্রতিক যুদ্ধ ও খামেনির মৃত্যুর পর রাশিয়ার সরকার ও জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি ও পরিবহনসহ বিভিন্ন খাতে দুই দেশের কৌশলগত সহযোগিতা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি আন্তর্জাতিক নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডর (INSTC)-এর গুরুত্ব তুলে ধরে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), ব্রিকস এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইএইইউ)-এর মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।

পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, এসব হামলা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতার জন্য হুমকি।

বিজ্ঞাপন

অন্যদিকে মেদভেদেভ বলেন, দেশের জনগণের ব্যাপক সমর্থনই ইরানের স্থিতিশীলতা ও শক্তির মূল ভিত্তি। তিনি ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়নে রাশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্যে জাতীয় মুদ্রার ব্যবহার বাড়িয়ে ডলারনির্ভরতা কমানোর উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD