কটিয়াদীতে বিলের পানিতে ডুবে প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিলের পানিতে ডুবে মো. নাঈম মিয়া (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) উপজেলার লোহাজুরি ইউনিয়নের দক্ষিণ লোহাজুরি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত নাঈম মিয়া দক্ষিণ লোহাজুরি গ্রামের মরহুম সোলাইমান চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মজলু মিয়ার বড় ছেলে। সে লোহাজুরি ৬৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে বিলে গোসল করতে যায় নাঈম। সাঁতার না জানায় পানিতে ভেসে থাকার জন্য একটি প্লাস্টিকের বোতল সঙ্গে নিয়ে সে বিলে নামে। গোসল শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার সময় তার মনে পড়ে, বোতলটি বিলে রেখে এসেছে।
পরে বোতলটি আনতে নাঈম একাই আবার বিলে ফিরে যায়। এ সময় অসাবধানতাবশত পা পিছলে বিলের গভীর পানিতে পড়ে যায় সে। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার সহপাঠীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা বিলে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নাঈমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নাঈমের প্রতিবেশী রকিব হোসেন ভূঞা জানান, শিশুটির পরিবার অত্যন্ত দরিদ্র। তার বাবা বাঁশের খাঁচা তৈরি করে বিভিন্ন বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পরিবারের বড় সন্তান ছিল নাঈম। ছোট ছোট আরও তিন-চার ভাইবোনকে নিয়ে কষ্টে সংসার চালাচ্ছিলেন তার বাবা। বড় ছেলেকে হারিয়ে পরিবারটি শোকে ভেঙে পড়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম পানিতে ডুবে নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








