নেত্রকোণায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

নেত্রকোণায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যক্তি বর্তমানে অচেতন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিহত ও আহত দুজনেরই পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর এবং আহত ব্যক্তির বয়স প্রায় ২৫ বছর হতে পারে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নেত্রকোণা শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে মোহনগঞ্জের দিকে যাচ্ছিল। পথে কান্দুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংঘর্ষে অটোরিকশায় থাকা একজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর পিকআপভ্যানটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিহত ব্যক্তির মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
ওসি আবুল খায়ের আরও জানান, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








