কাজিপুরে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচটি পৃথক স্থানে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপপরিদর্শক আসাদুল হক ও তার টিম।
অভিযানকালে পৃথক স্থান থেকে অ্যামফিটামিন (ইয়াবা), গাঁজা ও ট্যাপেন্টাডল সেবনের সময় সাতজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধ স্বীকারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্তরা হলেন—স্থলবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে জুবায়ের আহমেদ (২৪), তাকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। চর ভানুডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রাকিব সরকার (৩০), সোনামুখী কালিবাড়ি গ্রামের আফজাল শেখের ছেলে কালাম শেখ (৪০), চৌকিবাড়ি গ্রামের আল আমিনের ছেলে তানভীর হোসেন (১৮), রৌহাবাড়ী গ্রামের রাজিউর রহমানের ছেলে আবু হাসেম (২১) এবং সোনামুখী গ্রামের এশারত আলীর ছেলে জান্নাত আলীকে (২৬) চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া পাইকপাড়া গ্রামের মৃত মকবুলের ছেলে মুকুল হোসেনকে (২৫) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদকের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।








