Logo

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই প্রধান ভূমিকা নিতে হবে: এম ইকবাল হোসেইন

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৯ জুলাই, ২০২৬, ১৮:৫৪
মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই প্রধান ভূমিকা নিতে হবে: এম ইকবাল হোসেইন
ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তবে এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে পরিবারকে। একজন সন্তানকে সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের সচেতন পরিচর্যা ও সঠিক দিকনির্দেশনার বিকল্প নেই।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জুলাই) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করতে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, সন্তানের চলাফেরা, অভ্যাস, বন্ধু-বান্ধব ও সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে বাবা-মাকে সচেতন থাকতে হবে। পরিবার যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে সন্তান মাদকসহ সব ধরনের কুঅভ্যাস থেকে দূরে থাকতে পারবে এবং দেশ গঠনের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করা একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামেরই অংশ। সরকার এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনের মাধ্যমে আমরা মাদকবিরোধী বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক এবং নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচটি দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD