দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুর উপজেলায় দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যক্তি ও তার দুই স্ত্রীকে আটক করেছে উপজেলা প্রশাসন।
বিজ্ঞাপন
অভিযানে তাদের বাড়ি থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বামীকে ছয় মাস এবং দুই স্ত্রীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১২ জুলাই) রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম কানুদাসকাঠি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন পশ্চিম কানুদাসকাঠি গ্রামের মৃত সামছু সরদারের ছেলে মো. কালাম সরদার এবং তার দুই স্ত্রী মোছা. রূপিয়া বেগম ও মোছা. শিউলী বেগম।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালাম সরদার দীর্ঘদিন ধরে তার দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবার পরিচালনা করে আসছিলেন। এ কারণে স্থানীয় যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার ঘটছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। আদালতে অভিযুক্তরা অপরাধ স্বীকার করলে মো. কালাম সরদারকে ছয় মাসের এবং তার দুই স্ত্রী মোছা. রূপিয়া বেগম ও মোছা. শিউলী বেগমকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান এবং কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।








