বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা

টানা দুই দিনের ভারী বর্ষণের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) থেকে শুরু হওয়া এ সিদ্ধান্ত আগামী ১০ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।
বিজ্ঞাপন
সোমবার (৬ জুলাই) রাত ১০টার দিকে জেলা প্রশাসনের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পৃষ্ঠায় জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন এলাকার সড়ক ও যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সর্বসাধারণের প্রবেশ এবং ভ্রমণ নিষিদ্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।








