Logo

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ধর্ষকের ফাঁসির দাবি

profile picture
উপজেলা প্রতিনিধি
থানচি, বান্দরবান
২৫ মে, ২০২৬, ১৮:৪০
থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ধর্ষকের ফাঁসির দাবি
ছবি: প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার ৫ বছর বয়সী এনা ত্রিপুরা নামে এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় অভিযুক্ত বিজয় বড়ুয়ার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান বক্তারা।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলার যুব ও ছাত্র সমাজের উদ্যোগে থানচি মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাঙ্গু সেতু ত্রিমুখী প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন। এসময় অংশগ্রহণকারীরা “শিশু ধর্ষকের ফাঁসি চাই”, ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে এবং পাহাড়ে ও সমতলের নারী ও শিশু নির্যাতন বন্ধ কর”সহ বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর ওপর এমন নৃশংস ঘটনা পুরো সমাজকে স্তম্ভিত করেছে। শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই সমাজে এ ধরনের অপরাধ বাড়ছে। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্ত বিজয় বড়ুয়ার ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা পাহাড়ি অঞ্চলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা। এতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, তরুণ সমাজসেবক নুমংপ্রু মারমা, রেমাক্রি জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা, যুব নেতা সিংওয়াইমং মারমা ও রেইংহাই ম্রোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD