গাজীপুরে ফের আগুন, সময় গড়ানোর সঙ্গে বাড়ছে ভয়াবহতা

গাজীপুরে আবারও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার নগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
বিজ্ঞাপন
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও চারটি ইউনিট সেখানে পাঠানো হয়। সব মিলিয়ে বর্তমানে নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ৫টি ইউনিটের প্রচেষ্টার পরও আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দেয় আরও চারটি ইউনিট।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়ে চলেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, মাত্রই এক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায়। ১৭ অক্টোবর বিকেল ৪টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
বিজ্ঞাপন
এর মাত্র তিন দিন আগে, গত ১৪ অক্টোবর গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ওই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দলের সহযোগিতায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।








