Logo

৫ টাকার টোল নিয়ে সংঘর্ষ, সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
২৪ অক্টোবর, ২০২৬, ১৪:০৩
৫ টাকার টোল নিয়ে সংঘর্ষ, সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

জামালপুরে ব্রহ্মপুত্র সেতুর টোলপ্লাজায় মাত্র ৫ টাকা টোল দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে জামালপুর-শেরপুর মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জামালপুরের ব্রহ্মপুত্র সেতুর জামালপুর প্রান্তের টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১১টা ১০ মিনিটের দিকে অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ব্রহ্মপুত্র সেতুর টোলপ্লাজায় পৌঁছান স্থানীয় বাসিন্দা সুমন। এ সময় ৫ টাকা টোল দিতে দেরি হওয়ায় টোলপ্লাজার কর্মীরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে কয়েকজন ব্যক্তি টোলপ্লাজায় গিয়ে বিষয়টি জানতে চান। তাঁদের ওপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ ঘটনার পর সুমনের স্বজন ও এলাকাবাসী সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা জামালপুর-শেরপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ সময় ধরে সড়ক অবরুদ্ধ থাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে উদ্যোগ নেয় প্রশাসন।

বিজ্ঞাপন

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এরপর রাত ১১টা ১০ মিনিটের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবরোধের বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। বর্তমানে তারা সড়ক ছেড়ে দিয়েছেন।

তবে ৫ টাকা টোল দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগ এবং পরবর্তী হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD