খুলনায় এবার ওয়ার্ড যুবদল সভাপতিকে গুলি

খুলনার তেরখাদা উপজেলায় রামীম বিশ্বাস (৩২) নামে এক ওয়ার্ড যুবদল সভাপতিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে মধুপুর ইউনিয়নে আয়নাল মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানা গেছে। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয় এবং তিনি গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
আহত রামীম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তাঁর বাবার নাম হাবিবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মধুপুর ইউনিয়নের আয়নাল মোল্লার বাড়ির সামনে রামীম বিশ্বাসকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার খবর পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় হামলার সঙ্গে সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করেন পুলিশ সদস্যরা।
বিজ্ঞাপন
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবির সিদ্দিক শুভ্র জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অপরাধীদের শনাক্ত এবং দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
তবে কী কারণে রামীম বিশ্বাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।








