বারহাট্টায় গাঁজা সেবনের দায়ে দুই যুবকের এক মাসের কারাদণ্ড

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার হরিয়াতলা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বারহাট্টা উপজেলার হরিয়াতলা গ্রামের মো. দুলাল বেপারির ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং একই গ্রামের মৌলা মিয়ার ছেলে মো. লাক মিয়া (২৫)।
বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হরিয়াতলা গ্রামের আব্দুল আজিজের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবন ও মজুত করার অভিযোগে রুবেল মিয়া ও লাক মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তিনি আটক দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত দুইজনকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।








