শিবচরে চাচাতো ভাইয়ের ঘুষিতে যুবক নিহত, অভিযুক্ত পলাতক

মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষির আঘাতে আলতাফ মাদবর (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচাতো ভাই বারেক মাদবর পলাতক রয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলতাফ মাদবরের সঙ্গে তার চাচাতো ভাই বারেক মাদবরের জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় বারেক মাদবর আলতাফকে লক্ষ্য করে জোরে ঘুষি মারেন।
ঘুষির আঘাতে আলতাফ মাটিতে পড়ে গিয়ে অচেতন হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত বারেক মাদবর ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।








