Logo

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
২৫ জুন, ২০২৬, ১১:৩৫
সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধে ব্যর্থ বিএসএফ
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের নদীয়া জেলার বজ্রনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সহড়াতলা সীমান্তের ১৪২ নম্বর আন্তর্জাতিক পিলারের ৫ ও ৬ এস সাব-পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে সাতজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বলে জানা গেছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় সীমান্ত এলাকায় অবস্থান নিলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সময় তারা সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান হাবিব বলেন, বিজিবি ও গ্রামবাসীর সক্রিয় উপস্থিতির কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করতে পারেননি।

সহড়াতলা বিজিবি ক্যাম্পের কমান্ডার আইউব আলী জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিএসএফ ওই সাতজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুর সীমান্তে একাধিকবার পুশইনের অভিযোগ উঠেছে। এর আগে ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্ত এবং ১৯ জুন সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত এলাকায়ও অনুরূপ চেষ্টা চালানো হয়। ওই ঘটনাগুলোতেও বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD