Logo

মধুখালীতে পচা মাংস বিক্রির দায়ে কসাইকে ২০ হাজার টাকা জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
মধুখালী, ফরিদপুর
৭ জুলাই, ২০২৬, ১৪:০৪
মধুখালীতে পচা মাংস বিক্রির দায়ে কসাইকে ২০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা গরুর মাংস বিক্রির দায়ে জাকির কসাই নামে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে প্রায় দুই মণ পচা মাংস জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার বাগাট বাজারে এ অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাগাট বাজারের জাকির কসাইয়ের দোকানে অস্বাস্থ্যকর ও পচা গরুর মাংস বিক্রি করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে সচেতন ক্রেতা ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। পরে গোপন সূত্রে খবরটি উপজেলা প্রশাসনের কাছে পৌঁছায়। খবর পেয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানকালে জাকির কসাইয়ের দোকানে বিক্রির জন্য রাখা মাংসের মধ্যে পচা ও দুর্গন্ধযুক্ত মাংসের সত্যতা পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা প্রায় দুই মণ পচা মাংস জনসম্মুখে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাংবাদিকদের বলেন, আমরা গোপন সূত্রে খবর পাই যে বাগাট বাজারে পচা মাংস বিক্রি করে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা প্রায় দুই মণ পচা মাংস নিরাপদ স্থানে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এবং ভেজাল খাদ্য প্রতিরোধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এলাকাবাসী প্রশাসনের এ ঝটিকা অভিযান ও সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। বাজারে যাতে আর কোনো অসাধু ব্যবসায়ী পচা, বাসি বা ভেজাল খাদ্য বিক্রি করতে না পারে, সে জন্য নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন স্থানীয় ক্রেতারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD