পঞ্চমবার খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ঐতিহাসিক ডেগ ও দুটি দানবাক্স পঞ্চমবারের মতো খোলা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এগুলো খোলা হয়। পরে সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে দানের অর্থ গণনা শুরু হয়।
বিজ্ঞাপন
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাজার পরিচালনা কমিটির প্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে গণনার কাজ চলছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর চতুর্থবারের মতো মাজারের দানবাক্সগুলো খোলা হয়েছিল। সে হিসাবে প্রায় ৩৫ দিন পর আবারও দানের অর্থ গণনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দীর্ঘদিনের প্রচলিত প্রথা ভেঙে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্সের অর্থ গণনা শুরু হয়। এরপর ১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর আরও তিন দফায় দানবাক্স ও ডেগ খোলা হয়। ওই চার দফায় মোট ২ কোটি ২৯ লাখ টাকার বেশি নগদ অর্থ পাওয়া যায়।
বিজ্ঞাপন
এবার দীর্ঘ পূজার ছুটিতে মাজারে দর্শনার্থী ও ভক্তদের উপস্থিতি বেশি থাকায় আগের তুলনায় রেকর্ড পরিমাণ অর্থ জমা পড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গত ২৩ সেপ্টেম্বর গঠিত কমিটির সভায় দানবাক্সের অর্থ নিয়মিত গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ ব্যয় হবে মাজারের দৈনন্দিন খরচ এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে।
নিয়মিত গণনা ও অর্থ ব্যয়ের নির্ধারিত নীতিমালার মাধ্যমে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন








