Logo

লোহাগাড়ায় চার অভিযানে ৬৩ হাজার ইয়াবাসহ আটক ৬

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগাড়া, চট্টগ্রাম
২০ জুলাই, ২০২৬, ১৭:৩৬
লোহাগাড়ায় চার অভিযানে ৬৩ হাজার ইয়াবাসহ আটক ৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পাচারের অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট জিপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৯ জুলাই) দুপুর থেকে দিবাগত রাত পর্যন্ত উপজেলার চুনতি ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে লোহাগাড়া থানা পুলিশ।

পুলিশ জানায়, রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহর নির্দেশনায় উপ-পরিদর্শক বিপ্লব চন্দ্র নাহারের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি টয়োটা জিপকে থামানোর সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে বিষয়টি জানানো হলে ওসির নির্দেশনায় থানার সামনে কৌশলগত ব্যারিকেড স্থাপন করা হয়। সেখানে গাড়িটি আটকে তল্লাশি চালিয়ে ইঞ্জিনের বাম পাশে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গাড়িতে থাকা মো. আল মামুন (৪০), তার স্ত্রী ইসমাত জেরিন (৩৮) এবং চালক মোহাম্মদ আলী (৩০)-কে আটক করা হয়। পুলিশ জানায়, আল মামুনের বিরুদ্ধে আগেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

এর আগে বিকেল ৪টার দিকে আমিরাবাদ ইউনিয়নের মা ও শিশু হাসপাতালের সামনে চেকপোস্টে হানিফ সুপার বাসের যাত্রী মো. সিদ্দিক (৪৮)-কে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পেটে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিশেষ প্রক্রিয়ায় তার পেট থেকে ৭৬৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

একই দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে আরেকটি চেকপোস্টে একটি ইয়ামাহা মোটরসাইকেলের গিয়ার বক্সে লুকিয়ে রাখা দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক ইলিয়াছ হাবিব (২৬)-কে আটক করা হয়েছে।

এছাড়া দিবাগত রাত ২টার দিকে একই এলাকায় হানিফ সুপার বাসের এক যাত্রীর দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (২৯)-কে আটক করে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার এবং ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে পুলিশি প্রহরায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD