পাবনায় মাদককে ‘লাল কার্ড’ দেখিয়ে তরুণদের ব্যতিক্রমী সাইকেল র্যালি

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে পাবনায় ‘মাদককে লাল কার্ড’ প্রতিপাদ্যে ব্যতিক্রমী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় স্বেচ্ছাসেবী সংগঠন মশাল ফাউন্ডেশন-এর উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালির উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। পরে অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে সরকারি এডওয়ার্ড কলেজে গিয়ে র্যালির সমাপ্তি করেন।
র্যালিতে বিভিন্ন বয়সী তরুণ-তরুণী ও সচেতন নাগরিক সাইকেল নিয়ে অংশ নেন। তাদের হাতে ছিল প্রতীকী ‘লাল কার্ড’, যার মাধ্যমে মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আহমেদ মোস্তফা নোমান বলেন, আজকের এই কর্মসূচির মাধ্যমে পাবনায় যারা মাদক বিক্রি বা মাদকের সঙ্গে জড়িত, তাদের প্রতীকীভাবে লাল কার্ড দেখানো হয়েছে। এর মাধ্যমে তরুণদের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেওয়া হলো।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, পাবনাকে মাদকমুক্ত ও সুস্থ নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।








