‘মাদককারবারিদের সঙ্গে প্রশাসনের কোনো সখ্যতা কাম্য নয়’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সচেতন ছাত্র-জনতার উদ্যোগে মাদকবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সড়কবাজারের পৌর মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘মাদকমুক্ত সমাজ আমাদের অঙ্গীকার’, ‘মাদককে না বলি, মাদক ছেড়ে কলম ধরি’সহ বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন: গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
বিজ্ঞাপন
সমাবেশে বক্তব্য দেন আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজন, ছাত্র সমন্বয়ক আসিফ নেওয়াজ, ঐক্যবদ্ধ আখাউড়ার সংগঠক আমজাদ, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি মো. জুয়েল মিয়া, উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক হাজী আলামিন মুন্সী, বাংলাদেশ জাসদ আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দীন জালু, উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শেখ আসিফ, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ এবং কাউন্সিলর পদপ্রার্থী জুয়েল রানাসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, আখাউড়া উপজেলার সীমান্তবর্তী প্রায় প্রতিটি গ্রামে মাদকের বিস্তার ঘটেছে। মাদককারবারিরা প্রকাশ্যে মাদক বিক্রি করছে, যার ফলে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
তারা মাদকের গডফাদারদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তারা বলেন, “মাদককারবারিদের সঙ্গে প্রশাসনের কোনো ধরনের সখ্যতা কাম্য নয়।”
বিজ্ঞাপন
বক্তারা আরও জানান, মাদককারবারিদের নাম, পরিচয় ও ছবিসহ একটি তালিকা প্রস্তুত করে জনসম্মুখে প্রকাশ করা হবে। পাশাপাশি সচেতন ছাত্র-জনতা, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে মাদক নির্মূল সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।
সমাবেশ থেকে মাদক নির্মূলে প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি পালনেরও ঘোষণা দেন আন্দোলনকারীরা।








