অগ্রণী ব্যাংকে চুরির চেষ্টা ব্যর্থ, আনসারের অভিযানে আটক ১

ফরিদপুর সদর উপজেলার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় গভীর রাতে চুরির চেষ্টা ব্যর্থ করে চুরিকৃত মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। দায়িত্বে থাকা আনসার সদস্যদের সতর্কতা, দ্রুত পদক্ষেপ ও সমন্বিত অভিযানের কারণে ব্যাংকের সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা পিসি মো. আবু বক্কর ও এপিসি মো. শহিদ খানের নেতৃত্বে আনসার সদস্য মো. শাহ আলম এবং মো. রাশেদ মিয়া নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় তারা ব্যাংক ভবনের এসির বৈদ্যুতিক তার কাটার শব্দ শুনতে পান এবং সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে সতর্ক অবস্থান নেন।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে ক্যাম্পে খবর দেওয়া হলে অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। চারদিক ঘিরে কৌশলী অভিযানের মাধ্যমে চুরিকৃত মালামালসহ মো. রাকিব মন্ডল (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আটক রাকিব মন্ডলের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার হামদহ গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্যাংক সূত্র জানিয়েছে, আনসার সদস্যদের সময়োপযোগী পদক্ষেপ না থাকলে ব্যাংকের গুরুত্বপূর্ণ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তাদের পেশাদারিত্ব ও দ্রুত অভিযানের ফলে চুরির চেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তা, জনসম্পদের সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। ফরিদপুরের এ ঘটনাও বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা ও সাহসিকতার আরেকটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।








